Published : 17 Mar 2026, 01:55 PM
রোজার ঈদের দিন ঢাকায় মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
কোম্পানির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, ঈদের পরদিন থেকে নির্ধারিত সময় অনুযায়ী যথারীতি ট্রেন চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্র বা শনিবার ঈদ হতে পারে।
মেট্রো কর্তৃপক্ষ বলেছে, ঈদের আগের দিন রোজার সময়সূচি অনুযায়ী এবং পরের দিন আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
রোজা উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন এনেছিল ডিএমটিসিএল।
এ সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়ছে ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায় ছাড়ছে। বেলা অনুযায়ী ৮, ১০, ২০ ও ৩০ মিনিট পরপর ছাড়ছে ট্রেন।
অপরদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল সোয়া ৭টায় এবং সবশেষ ট্রেন ছাড়ছে রাত ১০টা ১০ মিনিটে। বেলা অনুযায়ী ৮, ১০, ১৫ ও ৩০ মিনিট পরপর ছাড়ছে ট্রেন।
এ সূচি অনুযায়ী রোজার ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছিল ডিএমটিসিএল।