Published : 12 Nov 2025, 03:37 PM
দুর্নীতির অভিযোগ থাকায় রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলামের আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
নিষেধাজ্ঞা পাওয়া অপর চারজন হলেন-ওবায়েদ উল্লাহর স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, দুই ছেলে জুরায়েদ জুলকার নায়েন তিয়ান ও জুন্নুন সাফওয়ান, মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমী।
তার আগে ২৩ অক্টোবর ওবায়েদ উল্লাহ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩৮টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে একই আদালত।
এবার রূপালী ব্যাংকের সাবেক এমডির পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হল।
তাদের নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে ‘অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপ’ এবং তার নিজ ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগের অনুসন্ধান চলছে।
এছাড়া ওবায়েদ উল্লাহ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ‘ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে পুত্রের বিদেশি শিক্ষার খরচে’ ব্যবহার করেছেন।
তিনি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে তৃতীয় পক্ষের কাছ থেকে ‘নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থগ্রহণ’ করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোতে ‘অর্থ স্থানান্তর’ করেছেন, যা অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের স্পষ্ট দৃষ্টান্ত। এই কার্যক্রম মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের আবেদনে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহর এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। যেহেতু তার দুই সন্তান দেশ ত্যাগ করেছেন, তাই তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আগের খবর:
রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহর ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ