১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস

সিলেট, সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় রোববার দুপুরে আষাঢ়ী বৃষ্টির মধ্যে এক রিকশায় চেপে ছুটছেন তিনজন। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

দেশজুড়ে চলমান আষাঢ়ী বৃষ্টি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নেই। 

“তবে দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় আগামী ৫ বা ৬ তারিখ পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টিপাতের প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, “মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়। এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।” 

“রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।”

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৮২ মিলিমিটার। এই সময়ে ফেনীতে ১১৮, কক্সবাজারে ১০২, বাগেরহাটের মোংলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হয়েছে।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি নথিবদ্ধ করা হয়েছে পাবনার ইশ্বরদীতে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি নথিবদ্ধ করা হয়েছে বান্দরবানে। 

সিলেট-সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা 

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়বে, যার প্রভাবে নিম্নাঞ্চলে বন্যা হতে পারে।

দপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীগুলোর পানি সমতল দ্রুত বাড়ছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।