Published : 04 Aug 2025, 04:08 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে প্রাক পরিবেশ দেখতে এবং নির্বাচন কমশিনের প্রস্তুতি জানতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকায় আসছে ইউরোপিয়ন ইউনিয়নের অগ্রবর্তী একটি পর্যবেক্ষক দল।
সাত সদস্যের দলটির ঢাকার আসার কথা নির্বাচন কমিশনকে সোমবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন। সেখানে নির্বাচন নিয়ে কমিশনের সর্বশেষ কাজের প্রস্তুতিও তিনি জানিয়েছেন।
আখতার আহমেদ বলেন, “ইইউ পর্যবেক্ষণ টিম মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।
“প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।”
এর মধ্যে ইসি কমিশনার কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আরপিও সংস্কার প্রস্তাবসহ ইসির সবকিছু ‘শেষ পর্যায়ে’ আছে।
ভোটের সম্ভাব্য সময় নিয়ে জিজ্ঞেস করলে এ নির্বাচন কমিশনার অপেক্ষা করার কথা বলেছেন।
তিনি বলেন, “একটু অপেক্ষা করি আমরা সবাই। তফসিল তো আর সরকার করবে না; তফসিল নির্বাচন কমিশন করবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করলে সব ক্লিয়ার হয়ে যাবে।”
সরকারের তরফ থেকে ঘোষণা আসুক? বিষয়টি কি তাই? আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ঠিক তাই।”
কিছু দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা আসছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “অপেক্ষা করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।
“নির্বাচনি কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।”
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।