Published : 28 Aug 2026, 08:54 PM
সড়কে ব্যাটারির রিকশা নিয়ন্ত্রণ ও এর বিকল্প গণপরিবহন চালুসহ পাঁচ দাবিতে সমাবেশ করেছেন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার বাসিন্দারা।
শুক্রবার বিকালে গুলশান-২ চত্বরে ‘গুলশান সোসাইটির’ উদ্যোগে সমাবেশ হয়েছে।
সেখানে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, “আমরা অটোরিকশা বা কারও রুটি-রুজির বিরুদ্ধে নই, আমরা নিরাপদ সড়ক চাই। এ জন্য সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হবে।
“অবৈধ রিকশা তুলে দিয়ে চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশার কারণে যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসলেও সমাধান হয়নি।”
তাদের পাঁচ দাবির মধ্যে রয়েছে- শুধু লাইসেন্স পাওয়া ব্যাটারির রিকশা চলাচলের অনুমোদন দেওয়া। প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল সীমিত করা। ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা। নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলান উপস্থিত ছিলেন।