Published : 23 Jul 2025, 04:33 PM
রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম নামের এ দুই আসামিকে তিন দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বুধবার ভোরে কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
ওসি বলেন, শুনানি শেষ ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ট হাসপাতালের ফটকের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। আর পুলিশ করে অস্ত্র মামলা।
এখন পর্যন্ত এ মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা হলেন— মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম।
এদের মধ্যে গত ১৭ জুলাই লম্বা মনির, আলমগীর ও টিটন এবং ১৯ জুলাই সজীব ও ২০ জুলাই মহিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।