Published : 25 Aug 2026, 03:55 PM
ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার মামলায় জীবন ওরফে আদিল নামে এক ফুড ডেলিভারি ম্যানকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।
গত ১৭ অগাস্ট রাত ১০টার দিকে ঢাকার শান্তিনগর এলাকায় আসাদুর রহমানের ওপর হামলা হয়। সেখান থেকে জীবনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর ১৯ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আতিকুজ্জামান আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার।
এদিন শুনানিকালে জীবনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
জীবনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না, জানতে চায় আদালত।
জীবন বিচারককে বলেন, “আমি নিজে ডক্টর দেখাতে গিয়েছিলাম। তখন এ দুর্ঘটনা ঘটে। আমি ফুড ডেলিভারির কাজ করছি। আমার ফোন নাই। কাজ করতে পারছি না।”
তার মাথাও ফাটিয়ে দিয়েছে বলে জানান জীবন। তখন বিচারক জানতে চান, “কে ফাটিয়েছে?”
জবাবে জীবন বলেন, “ওইখানের কয়েকজন গার্ড। আমি তাদের নাম জানি না।”
পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এ মামলায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ইভান নামের এক যুবককে গত শনিবার পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
চিকিৎসক আসাদুর রহমান শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি চালিত অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন। ৫৫ বছর বয়সি এ অধ্যাপকের মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।
হামলার ১১ দিন আগে তার কাছে অপরিচিত নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে এ চিকিৎসক। চাঁদা দিতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার দুদিন পরই তার ওপর আক্রমণ চালানো হয়। মারধরের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন আশেপাশের লোকজন। এ ঘটনায় ১৮ অগাস্ট আসাদুর রহমান মামলা করেন।