Published : 28 Jun 2025, 09:31 PM
যানজট ও ভোগান্তি এড়াতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিনের পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের জটলায় কেন্দ্রগুলোর সামনে যানজট দেখা যায়। অনেকে ভোগান্তিতে পড়েন।
“ভোগান্তি এড়াতে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।”
সাধারণত সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশের সুযোগ দেওয়া হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সাড়ে ৯টা কেন্দ্রে প্রবেশের সবশেষ সময়।
অধ্যাপক কামাল বলেন, কোনো পরীক্ষার্থী সাড়ে ৯টার পরে প্রবেশ করলে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ লিপিবদ্ধ করে সে তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে।
বৃহস্পতিবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।