Published : 21 Oct 2025, 04:34 PM
আন্দোলনের মুখে সরকার বাসা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।
রাজধানীতে গত কয়েকদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের টানা আন্দোলনের মুখে মঙ্গলবার সরকার দুই ধাপে তাদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।
এ খবরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে।
“তবে বাস্তবতা হল, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর মত সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”
শিক্ষকদের আন্দোলন স্থগিতের খবরের পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারপ্রধানের বক্তব্য তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা আশা করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই থেকে বাড়িভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
বাসা ভাড়া বাড়ানোর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার