০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরের কাছে স্বর্ণালঙ্কার ছিনতাই, গ্রেপ্তার ২

মামলার চার আসামি বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে জড়িত, বলছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 05:08 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো স্বর্ণালংকার আনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। 

শুক্রবার রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আব্দুর রউফ ও আল আমিন হোসেন শান্ত। 

মামলার অন্য দুই আসামি হলেন- রিপন হোসেন ও রানা হোসেন রুবেল।

স্থানীয়রা বলছেন, আসমিরা সবাই বিএনপি এবং ছাত্রদলের রাজনীতিতে জড়িত। এদের মধ্যে রিপন হোসাইন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও আল আমিন হোসেন শান্ত সাধারণ সম্পাদক। এছাড়া আব্দুর রউফ বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি এবং রানা হোসেন রুবেল সাধারণ সম্পাদক। 

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন ইস্যুতে তাদের পোস্ট করা নানা ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে। যদিও পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।   

বিমানবন্দর থানার পরিদর্শক কামরুল হাসান তালুকদার রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাতে নরসিংদীর রায়পুরা থানার অলিপুরা গ্রামের বাসিন্দা মো. সুমন ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। আমরা ২ জনকে গ্রেপ্তার করেছি।”

মামলার এজাহারে বলা হয়, মো. সুমনের বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। শুক্রবার রাত ৮টার দিকে মো. সুমন ও তার সঙ্গী রোহান চৌধুরী বিমানবন্দরে গিয়ে প্রবাস থেকে আসা ভাইয়ের এক প্রতিনিধির কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার গ্রহণ করেন।

পরে একটি ভাড়া গাড়িতে করে গন্তব্যে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে অভিযুক্ত ব্যক্তিরা তাদের পথরোধ করে। তারা নিজেদের ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে বোমা আছে বলে ভয় দেখায়। এক পর্যায়ে তারা সুমন ও রোহানকে মারধর করে প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসে। এক পথচারী নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের নাম-ঠিকানা শনাক্ত করতে সক্ষম হন তারা। পরবর্তীতে স্বজনদের সঙ্গে আলোচনা করে শনিবার তারা থানায় অভিযোগ করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৯৯.৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তারা জড়িত থাকতে পারে, তবে আমি নিশ্চিত না। আর আমি এই থানায় নতুন। সে ক্ষেত্রে এখন আমি ওইভাবে কে কোন দল করে এখনও নিশ্চিত হতে পারি নাই।”

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা ঘুরে বেড়াচ্ছে। এর বেশি কিছু এখনো জানি না।