১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পুলিশ সার্জেন্ট ‘লাঞ্ছিত’, দম্পতির সাজা

এ ঘটনায় গাড়ির মালিককে এক মাস ও তার স্ত্রীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 01:01 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

দায়িত্ব পালনের সময় ট্রাফিকের এক সার্জেন্টকে ‘বাধা দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত’ করার অভিযোগে এক দম্পতিকে সাজা দিয়েছে ঢাকা মহানগর বিশেষ হাকিম আদালত।

এ ঘটনায় কারের মালিক শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী আয়েশা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকালে গাবতলী মাজার রোড এলাকায় দায়িত্বরত সার্জেন্ট আবু সুফিয়ানকে লাঞ্ছিত করার ঘটনায় তাদের এ সাজা দেওয়ার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সোয়া ৭টার দিকে গাবতলী মাজার রোডে সিগন্যাল অমান্য করায় একটি কার চালককে থামার নির্দেশ দেন মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবু সুফিয়ান।

গাড়ি থামার পর কাগজপত্র দেখতে চাইলে কার মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সময় পথচারীদের সহযোগিতায় সার্জেন্ট তাদেরকে আটক করে দারুস সালাম থানায় হস্তান্তর করেন বলে বিজ্ঞপ্তিতে বলেছে ডিএমপি।