বাড্ডায় গ্যাসের আগুন: চিকিৎসাধীন শিশুর মৃত্যু
তানজিলার বাবা-মা ও দুই বোনের অবস্থাও আষঙ্কাজনক।
ঢাকার বাড্ডা থানার আফতাবনগরে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের ৫ সদস্যের মধ্যে চার বছর বয়সী এক শিশু মারা গেছে।
তানজিলা নামের শিশুটি শনিবার রাতের ওই আগুনে বাবা-মা ও দুই বোনের সঙ্গে গুরুতর দগ্ধ হয়েছিল।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান রোববার বলেন, “রোববার বেলা ৩টারর দিকে তানজিলা মারা যায়। তার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।”
আশঙ্কাজনক অবস্থায় তানজিলার বাবা তোফাজ্জল হোসেন (৪৫), মা স্ত্রী মানসুরা আক্তার (৩৫), দুই বোন তানিশা (১১), মিথিলা (৭) এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রাতে আগুনে দগ্ধ হওয়ার পর তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শনিবার ডা. শাওন বলেছিলেন তোফাজ্জলের শরীরের ৮০, মানসুরার ৬৮, তানিশার ৩০, মিথিলার ৬০ শতাংশ পুড়ে গেছে।
“তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। তাদের অবস্থা ভালো না, আশঙ্কাজনক,” বলেছিলেন তিনি।
দগ্ধদের মধ্যে চারজনকে এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে রাখা হয় বলে জানান তিনি।
বার্ন ইনস্টিটিউটে আসা পরিবারটির এক স্বজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফতাবনগরের ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন তারা। কয়েকদিন আগে পাশের রাস্তায় কাজ করার সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে গ্যাস বের হত।
“সম্ভবত ওই গ্যাস বাড়ির নিচতলায় জমেছিল। রাতে কেউ সিগারেট ধরাতে গিয়ে বা কোনোভাবে আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এ সময় বাসার দেয়াল ধসে পড়ে।”
