১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে কমিটি

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারের কথা সরকার পুনর্ব্যক্ত করেছে।

গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে কমিটি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কর্মসূচি ঘিরে বুধবার হামলা-সংঘর্ষের মধ্যে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি নেতৃত্বাধীন তিন সদস্যের এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারের কথা সরকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে সরকারপ্রধানের দপ্তর। 

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বুধবার এনসিপি নেতাকর্মীরা শহরের পৌর পার্ক মাঠে কর্মসূচি শুরুর আগেই সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনওর গাড়িতে হামলা হয়। বেলা দেড়টার দিকে পৌর পার্কের মঞ্চে সমাবেশ শুরুর আগে হামলা হয়।

কিছুক্ষণ বাদে সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি করে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ ও সেনা পাহারায় মাদারীপুরের দিকে রওনা দিলে লঞ্চঘাট এলাকায় হামলার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়।

দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের পর অন্তত চারজনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আসে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে ১৪৪ ধারা জারি করা হয়। তাতেও কাজ না হলে সন্ধ্যার পর জারি করা হয় কারফিউ।

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির মধ্যে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ‘ফ্যাসিস্ট মুজিববাদীরা’ হামলা চালায় বলে এনসিপি নেতারা অভিযোগ করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন। পাশাপাশি ‘জুলাই পদযাত্রা’র পূর্বনির্ধারিত কর্মসূচিও বহাল রেখেছেন।