Published : 16 Jun 2026, 05:33 PM
রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছে; এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন দুই ব্যক্তি।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলছেন, মঙ্গলবার বিকালে আসামি ধরতে গিয়ে ঢাকা উদ্যানের কাছে তাদের একটি দল আক্রান্ত হয়।
“আসামিরা পুলিশ দেখে ওসি ও একজন এসআইয়ের ওপর হামলা চালান। এতে তারা আহত হন।”
পুলিশ জানায়, ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এস আই তরুণ আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক ‘বিকাশ’ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুট করে ছিনতাইকারীরা।
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ‘বিকাশ’ এর এজেন্ট শফিকুল ইসলাম (৩৯) বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শফিকুলের বরাতে তার বড় ভাই মুসলিম হোসেন বলেন, “দুইজন যুবক আমার ভাইয়ের দোকানে এসে দোকানের ক্যাশে হাত দিয়ে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করলে ভাই প্রথমে বাধা দেয়। তখন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা সব টাকা নিয়ে যায়।”
ক্যাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল বলে শফিকুলের কাছ থেকে জেনেছেন তার ভাই মুসলিম।
তিনি বলেন, “দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শফিকুলের বাম হাত, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। বর্তমানে তার অপারেশন চলছে।”
ঘটনার পর আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেছিলেন, “দুর্বৃত্তরা টাকাসহ মোবাইল ফোনও নিয়ে গেছে। আশেপাশের সিসি ভিডিও সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”