Published : 29 Jul 2026, 11:55 PM
বাংলাদেশ কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইলে অন্য কারো সঙ্গে সম্পর্ক খারাপ করতে হবে বলে মনে করেন না পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রসঙ্গ টেনে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা এক প্রশ্নে তিনি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে।
“এইটা তো স্ত্রী ও সতীনের মধ্যে মারামারি নয় ভাই! এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাব।”
ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশের শঙ্কার কথা তুলে ধরে করা প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান মন্ত্রী।
তিনি বলেন, “কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের পরিপ্রেক্ষিতে জিরো-সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছি, আমরা কখনও সেটা করব না।
“সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুন্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারো সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে, আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে।”
চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘একটা অত্যন্ত ভালো সফর’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব, সে সফরটিও অত্যন্ত ভালো হোক।
“এবং এই যে মিস্টার গোর আসছেন, আমার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাহেবের দেখা হয়েছে, এই ইন্টারেকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি।”
চীনের সম্পর্ক নিয়ে উদ্বেগ আসবে বলে মনে করছেন কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আমার মনে করার বিষয় না। কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না। আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি, এটা কিন্তু মনে রাখবেন।”
চীন নিয়ে চাপ দিতে পারেন, সেই ধারণা করা হচ্ছে, সেটা সরকার ভাবছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না।”
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সফরে আসছেন সার্জিও গোর। এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
সম্প্রতি ফিলিপিন্সের ম্যানিলাতে আসিয়ান আঞ্চলিক সম্মেলনের ফাঁকে রুবিওর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের সময় গোরও উপস্থিত ছিলেন।
তার ঢাকা সফরের প্রসঙ্গে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তার সঙ্গে আমার ইতোমধ্যে ম্যানিলাতে দেখা হয়েছে, কথা হয়েছে, বৈঠক হয়েছে। আমরা এই দুদেশের সম্পর্ক রিভিউ করেছি।
“আপনারা জানেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও চাইছেন সম্পর্কটাকে আরো এগিয়ে নিতে। আর উনি কেবল ভারতে আমেরিকার রাষ্ট্রদূত না, উনি আমেরিকান প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি।”
তিনি বলেন, “বাংলাদেশে এটা উনার প্রথম সফর। দক্ষিণ এশিয়া যেহেতু তার পোর্টফোলিওতে পড়ে, বাংলাদেশও তার অন্তর্গত। প্রথম সফর হিসেবে আমরা ধারণা করছি, এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন। শুধু আমাদের সঙ্গে না, অন্যান্য অনেক অংশীদারের সঙ্গে কথাবার্তা বলবেন।”
রোহিঙ্গাশিবিরে তার সফরের সম্ভাবনার কথা তুলে ধরে খলিলুর রহমান বলেন, “উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি।”