১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপের আভাস

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

শ্রাবণের শেষ মুহূর্তে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপটি তৈরি হতে পারে। 

“এর প্রভাব খুব কমই পড়তে পারে। তবে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়ে ভ্যাপসা গরম কমতে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়য়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিথিবদ্ধ হয়েছে বান্দরবানে।

এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৭ মিলিমিটার।