Published : 13 Jul 2026, 06:18 PM
চলমান বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা বজায় রাখতে বিদ্যুৎ বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
ঢাকার রমনায় বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত এ নিয়ন্ত্রণ কক্ষ সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।
জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ের পরও নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।
রোববার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষের ঠিকানা বিদ্যুৎ ভবন, ১ নম্বর নবাব আব্দুল গণি রোড, রমনা, ঢাকা। টেলিফোনে ০২-৪৭১২০৩০৯ নম্বরে এবং মোবাইলে ০১৭৩৯০০০২৯৩ নম্বরে কথা বলা যাবে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে।
১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পালাক্রমে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন একজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীরা সেখানে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবেন।
প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন নম্বর ১৬৯৯৯-এর সঙ্গেও যোগাযোগ রাখতে বলা হয়েছে।
কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে তাকে নিজ উদ্যোগে অন্য কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে দায়িত্ব সমন্বয় করতে হবে।
আদেশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার সেল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।