Published : 03 May 2026, 05:32 PM
ভারি বর্ষণের পূর্বাভাস না থাকায় নেত্রকোণা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে।
এর ফলে ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ‘উন্নতি হতে পারে’ বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমরা দেখেছি যে পানি ধীরগতিতে হলেও কমছে সেখানে। আর বৃষ্টির পূর্বাভাসেও বলছে না যে তেমন একটা বৃষ্টি হতে পারে, এখনো পর্যন্ত তেমন দেখছি না আমরা।
“আসলে এখন তো প্রাক-মৌসুমি সময়, পূর্বাভাস খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। তো তাতে আমাদের মনে হচ্ছে যে, যদি এরকম পূর্বাভাসই থাকে বৃষ্টির, তাহলে ভুগাই-কংস অববাহিকায় অন্তত পানি খুব বাড়ার কথা না; বরং স্থিতিশীল বা কমার দিকে থাকার কথা। সেই হিসেবে আমরা বলেছিলাম উন্নতি হতে পারে বন্যার।”
রোববার বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি রোববার সকাল ৯টায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নদীগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে এবং সুতাং নদী হবিগঞ্জ জেলার সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল কিছুটা হ্রাস পেয়েছে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
২৪ ঘণ্টায় ১২ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে মাঝারি-ভারি, আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বৃষ্টি বলে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট, সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারার পানি বাড়বে
বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সমতল কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ২৪ ঘন্টায় প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে, নেত্রকোণা জেলার বাউলাই নদী অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
হবিগঞ্জ জেলার কালনি ও সুতাং নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে; আগামী ২৪ ঘন্টায় কালনি নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর প্রবাহিত হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
মৌলভীবাজার জেলার জুড়ি ও মনু নদী আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে; আগামী ২৪ ঘন্টায় জুড়ি নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর প্রবাহিত হতে পারে এবং মনু নদী সর্তকসীমায় প্রবাহিত হতে পারে।
ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র।