১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিটুনিতে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ইউনূসের ২ প্রতিনিধি

শাদিদের কয়েকজন সহপাঠী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী।

পিটুনিতে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ইউনূসের ২ প্রতিনিধি
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে আহত বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে পুলিশের পিটুনিতে আহত বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি।  

শুক্রবার সন্ধ্যায় মুহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। তারা ওই শিক্ষার্থীর পরিবারের কাছে দুঃখ প্রকাশও করেন।

প্রকৌশল শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে পদায়ন ও পদন্নোতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনিয়ে কিছু দাবি উত্থাপন করে তা বাস্তবায়নের জন্য বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যান প্রকৌশল শিক্ষার্থীরা। 

এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফসহ বেশ কয়েকজন।

প্রধান উপদেষ্টার প্রেস অফিসের এক বার্তায় বলা হয়, “কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন এবং তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপরে যেকোনো ধরনের বল প্রয়োগের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে নিশ্চয়তা চান।”

প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে এবং প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে তুলে ধরে। তারা শাদিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

চিকিৎসকদের বরাতে প্রেস অফিস বলছে, শাদিদের সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি স্থিতিশীল আছেন। তবে পাঁচটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে হবে কিনা, পাঁচ দিন পার হওয়ার পর সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান ফাওজুল কবির খানের পক্ষ থেকে দুই প্রতিনিধি শাদীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

প্রতিনিধি দল শাদিদের কয়েকজন সহপাঠী এবং উপস্থিত প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন।