মাইলস্টোন ট্র্যাজেডি: হারানো শিশুদের জন্য শোকের এক দিন
মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন, যাদের বেশিরভাগই শিশু।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।
হতাহতদের জন্য সরকারিভাবে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই বিমান।
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, স্কুলে মাঠে বিধ্বস্ত হওয়ার পর বিমানটি ছেঁচড়ে গিয়ে ধাক্কা খায় দোতলা একটি অ্যাকাডেমিক ভবনে। অগ্নিগোলকে পরিণত হওয়া সেই বিমানের শিখা স্কুল ভবনটিকেও গ্রাস করে নেয়।
তখন স্কুল ছুটির সময়, অনেক অভিভাবকও ভিড় করেছিলেন ভবনটির কাছে। দুর্ঘটনার পর ভবনের প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় বের হতে পারছিলেন না কেউ।
উদ্ধার অভিযান শেষে জঙ্গি বিমানের পাইলটসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। ১৭১ জনকে ওই ভবন থেকে আবহ অবস্থায় উদ্ধার করা হয়, তাদের অধিকাংশই মারাত্মকভাবে দগ্ধ, আর বেশিরভাগই শিশু।
আহতদের মধ্যে আরো দশজন রাতে হাসপাতালে মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে হয় ২৭ জন। এখনো ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শোকাবহ এ ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সব অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে পূর্বঘোষিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার জাতীয় মৎস সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার। এক দিন পিাছিয়ে বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে এ অনুষ্ঠান হবে।
মঙ্গলবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনের সব পরীক্ষাও।
সকালে সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরুর আগে হতাহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক পালনের অংশ হিসেবে এদিন দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাই কোর্টের বিচার কাজ।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।
সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে সরকারপ্রধানের দপ্তর বলেছে, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
