Published : 27 May 2025, 03:47 PM
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার দুই ছেলের জাতীয় পরিচয়পত্র ‘ব্লক’ কররা এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
সাবেক ডেপুটি স্পিকারের দুই ছেলে হলেন- এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামস।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
তিনি ভিন্ন মামলায় কারাগারে আছেন কিন্তু জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়েও যেতে পারেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা।
এ অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ‘ব্লক’ করা এবং বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়ার আবেনদ করা হয় আদালতে।
গত বছর ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় টুকুকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়।
নিষেধাজ্ঞায় নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক মান্নান
আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান এবং তার স্ত্রী শাকিলা বেগমের দেশত্যাগেও জাতীয় পরিচয়পত্র ‘ব্লক’ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ দিন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন সংস্থার সহকারী পরিচালক মো. সহিদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করলে আদালত এ আদেশ দেন।