১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার

নতুন দল বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপির প্রধান উপদেষ্টা তিনি।

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার
সেলিম প্রধান। ফাইল ছবি

জ্যেষ্ঠ ও নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 08:53 AM

Updated : 10 Sep 2026, 02:57 PM

রাজধানীর বারিধারায় সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১২ নম্বর সড়কের ‘নেক্সাস ক্যাফে প্যালেস’ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেলিম প্রধানসহ ৯ জনকে তার বার থেকে গ্রেপ্তার করেছি। তিনি অবৈধভাবে সীসা বার পরিচালনা করছিলেন।”

গ্রেপ্তার বাকিরা হলেন- রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

গুলশান থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত আড়াইটার দিকে ওই রেস্তোরাঁয় সীসা বিক্রির খবর পেয়ে ৩টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সীসা বারের মালিক সেলিম প্রধান ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

এ সময় সেখান থেকে ৬ কেজি ৭০০ গ্রাম সীসা, বিভিন্ন মানের ও ধরনের ৭টি সীসা স্ট্যান্ড এবং সর্বমোট ৪৮ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব। আর দুদক পরে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। দুদকের ওই মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে।

দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান। 

কয়েক মাস বাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

পটপরিবর্তনের পর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপির প্রধান উপদেষ্টা হন সেলিম প্রধান।