১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক এমপি ওমর ফারুক

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

মোহাম্মদপুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ইমরুল কায়েস ফয়সাল নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, ওমর ফারুক সুমন মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন। তাতে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

অপরদিকে আসামির আইনজীবী রোকেয়া বেগম জামিন আবেদন করে শুনানিতে বলেন, “ওমর ফারুক সুমন স্বতন্ত্র থেকে নির্বাচন করে জয় পান। কোনো দলের এমপি ছিলেন না। তিনি একজন আইনজীবী। তিনি ঘটনা (মামলায় বর্ণিত ঘটনা) সম্পর্কে অবগত নন। মামলার সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

“ঢাকায় তার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়নি এবং তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। তার চিকিৎসা সঠিকভাবে না করা হলে জীবননাশের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় যেকোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে মিছিলে অংশগ্রহণ করেন মো. ইমরুল কায়েস ফয়সাল। সেদিন আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হলে ফয়সাল গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা করেন।