২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরা আবাসিকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, ধারণা পুলিশের।

বসুন্ধরা আবাসিকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 04:52 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে খবর পেয়ে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধারের কথা জানান ভাটারা থানার ওসি মো. ইমাউল হক।

২৭ বছর বয়সী মাহমুদা আক্তার জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের-এআইইউবি সিএসই বিভাগে অধ্যায়নরত ছিলেন।

বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন জেরিন।

তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়, বাবার নাম খোরশেদ আলী।

ওসি ইমাউল বলেন, “জেরিনের কক্ষ অনেকক্ষণ ভেতর থেকে বন্ধ পেয়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।”

রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপমৃত্যুর মামলা হওয়ার কথা জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে সহপাঠীদের সঙ্গে কথা বলে পুলিশ ধারণা করছে, জেরিন হতাশাগ্রস্ত ছিলেন, এ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।