১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

চার দশক পর সাধারণ পরিষদের সভাপতির আসনে বসল বাংলাদেশের প্রতিনিধি।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 10:35 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

শপথ গ্রহণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘ সদরদপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় সকালে শপথ অনুষ্ঠান হয়েছে।

এর মধ্য দিয়ে চার দশক পর সাধারণ পরিষদের সভাপতির আসনে বসল বাংলাদেশের প্রতিনিধি।

পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি, জার্মানির আনালেনা বেয়ারবক নতুন সভাপতি খলিলকে অভিনন্দন জানিয়েছেন।

গত ২ জুন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। চল্লিশ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী। খলিলুর ওই সময়ে হুমায়ুন রশিদ চৌধুরী ব্যক্তিগত সহযোগীর দায়িত্বে ছিলেন।

আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পরবর্তী সেশনের সভাপতি পেয়েছে সাধারণ পরিষদ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এ নির্বাচনের জন্য তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল। একই পদে ফিলিস্তিনের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি। এরপর ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার হলে বাংলাদেশের প্রার্থিতা ফেরে।

এর মধ্যে সরকার পরিবর্তনের পর তৌহিদ হোসেনের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী খলিলকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। প্রার্থী পরিবর্তনের পর তিন মাসের প্রচারেই সাধারণ পরিষদের সভাপতি পদে বিজয় পেয়েছে বাংলাদেশ।

খলিল ১৯৭৭ সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থায়।