Published : 26 Jun 2026, 07:41 PM
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে পৃথক সমঝোতা স্মারকে সই করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার প্লাটফর্ম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের উপস্থিতিতে এ দুটিসহ মোট ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ।
চীনের রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম সিজিটিএন লিখেছে, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের উপ প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) মহাপরিচালক শেন হাই শিয়োং গণমাধ্যম বিষয়ক দুই সমঝোতা স্মারকে সই করেন।
এমওইউ দুটি হচ্ছে—চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা স্মারক এবং চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত স্মারক। এছাড়া চায়না মিডিয়া গ্রুপ আলাদাভাবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) সহযোগিতার সমঝোতায় পৌঁছেছে।
সিজিটিএন লিখেছে, সমঝোতার ফলে চায়না মিডিয়া গ্রুপ বাংলাদেশের এসব গণমাধ্যম ও সংস্থার সঙ্গে সংবাদ বিষয়বস্তু তৈরি, গণমাধ্যম প্রযুক্তির আধুনিকায়ন ও উদ্ভাবন এবং পেশাদার সংবাদকর্মী ও সাংবাদিকদের পারস্পরিক আদান-প্রদানের মতো ক্ষেত্রগুলোতে বাস্তবমুখী সহযোগিতা গড়ে তুলবে।
তবে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক সই (এমওইউ) হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে এসব সমঝোতা স্মারকে সই করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
“স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩টি সমঝোতার বাইরে বিডার সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তিনটি এমওইউ হয়েছে। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করেছে।