২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন দুর্নীতির মামলায় কারাগারে

আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করে বিচারক এ আদেশ দেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 07:40 PM

Updated : 30 Oct 2022, 07:40 PM

চার কোটি টাকা আত্মসাতের মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান  নিবাহী মামুন-উর-রশিদকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এ মামলা করেন। মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তাসহ আট জনকে আসামি করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি এনজিওর অনুকূলে এসওডি ঋণের নামে চার কোটি টাকা প্রদান করে। পরে কোনো ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেন।

অন্য আসামিরা হলেন-সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, সভাপতি হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এআরসিডি মো. আমিনুল ইসলাম, প্রগতি সরণী শাখার সাবেক ব্যবস্থাপক শোয়াইব মাহমুদ তুহিন ও সাবেক এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম ।