Published : 20 Aug 2026, 12:55 PM
নিজেদের বহরে এটিআর ৭২-৬০০ মডেলের নতুন একটি উড়োজাহাজ যোগ করার কথা জানিয়েছে এয়ার অ্যাস্ট্রা।
এ নিয়ে বেসরকারি এয়ারলাইন্সটির বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল পাঁচে, যার মধ্যে দুটি যান নতুন।
নতুন উড়োজাহাজটি (এস-২ এসটিই) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৭২-৬০০ মডেলের উড়োজাহাজ ঢাকা থেকে কলকাতা বা চেন্নাই অথবা কাঠমান্ডুর মতো স্বল্প দূরত্বে ওড়ার জন্য বেশ উপযোগী।
এয়ার অ্যাস্ট্রার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটিতে আছে কানাডিয়ান প্র্যাট অ্যান্ড হুইটনি কানাডা কোম্পানির তৈরি উন্নত টার্বোপ্রপ ইঞ্জিন। যাত্রীদের আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দিতে যানটিতে রয়েছে ৭২টি গেভেন নিও প্রেস্টিজ সিট।
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, “এয়ার এ্যাস্ট্রার বহরে দ্বিতীয় নতুন এটিআরের সংযোজন আমাদের জন্য আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। পাঁচটি উড়োজাহাজের বহরে পৌঁছানো আমাদের পুরো দলের নিষ্ঠা, পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের অব্যাহত আস্থার প্রতিফলন।
“আমরা আমাদের বহর আরও শক্তিশালী করা, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব।”
২০২২ সালের ২৪ নভেম্বর দেশের কনিষ্ঠতম এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে কোম্পানিটি ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।