Published : 09 Aug 2025, 08:32 PM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল রোববার প্রকাশ করা হবে।
এদিন সকালে বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। আর শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, সে নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণ শেষ করার নিয়ম রয়েছে। সেটা মেনেই রোববার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
"শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন সে নম্বরে এসএমএসে পরিবর্তিত ফল জানানো হবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটেও খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।"
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বেও আছেন কামাল উদ্দিন হায়দার।
এ বোর্ডের ৯২ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, "অন্য বোর্ডগুলোর আবেদনের হিসাব আমাদের কাছে নেই।"
এর আগে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেন।
গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হন।
খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষা বোর্ডগুলো নতুন করে খাতা মূল্যায়ন করে না, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যোগ করে দেখা হয়।