২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিশু ধর্ষণ: প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

আসামি মিন্টু এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছে আদালত।

শিশু ধর্ষণ: প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

রাজধানীর কদমতলীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবির বুধবার আসামি মো. মিন্টুকে (৪৬) এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন। 

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ এই তথ্য জানিয়েছেন। 

রায় ঘোষণার আগে মিন্টুকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মিন্টু মানিকগঞ্জের রত্মাদিয়া গ্রামের শেখ লিয়াজ উদ্দিনের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু এবং মিন্টুর পরিবার কদমতলী থানাধীন স্মৃতিধারায় পাশাপাশি বসবাস করত। 

২০২১ সালের ১০ অক্টোবর শিশুটির বাড়িতে দুজন আত্মীয় বেড়াতে আসায় বাসায় জায়গা না থাকায় পরিবার তাকে মিন্টুর বাসায় তার মেয়ের সাথে ঘুমাতে পাঠায়। ১৭ অক্টোবর রাত আড়াইটার দিকে মিন্টু শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে তার ঘুম ভেঙে যায়। পরে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন মিন্টু। সকালে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। 

এ ঘটনায় ওই বছরের ১৮ অক্টোবর শিশুটির মা কদমতলী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে কদমতলী থানার এসআই মোস্তাকীম পাটওয়ারী মিন্টুকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

একই বছরের ১৬ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য নেয়।