১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবাসন খাতের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

জন সমাগমস্থল ও পার্কের উন্নয়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মার্কিন দূতের আলোচনা হয়েছে।

আবাসন খাতের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 05:59 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

বাংলাদেশের আবাসন খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাজ করার আগ্রহের কথা দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে জানিয়েছেন।  

বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর দপ্তরে মার্কিন দূতের এই সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচন হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং জন সমাগমস্থল ও পার্কের উন্নয়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

“সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত জানান, তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন খাতে উন্নয়নে কাজ করতে আগ্রহী।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিইএসআরআই)’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

মার্কিন প্রতিনিধিদলের ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের জনকূটনীতি শাখার কর্মকর্তারা।