Published : 27 Aug 2026, 06:28 PM
বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না বলে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথম এক ঘণ্টা ছিল প্রশ্নোত্তর পর্ব।
খলিলুর রহমান বলেন, “আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উুঁচ করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।”
আগের আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বিভিন্ন দূতাবাসের। ১৫ বছর ধরে যেই দুঃশাসন চলেছে তাতে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না একটা বড় অংশে। আমাদের বিভিন্ন দূতাবাসের কাজকর্মের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ ছিল না।
‘‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। প্রত্যেকটা দূতাবাসের জন্য আমরা ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ তৈরি করছি।এটার ভিত্তিতে প্রতিটি দূতাবাসের মূল কাজের মূল্যায়ন দেব। আমরা যখন আগামী বাজেট আপনাদের কাছে পেশ করব তখন আপনারা প্রতিটি তথ্য পাবেন। আপনাদের সেই তথ্য জানবার অধিকার আছে।”
‘গঙ্গা চুক্তির প্রসঙ্গে’
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নদী বাংলাদেশের জীবন এবং নদীর পানি প্রবাহ আমাদের জীবনযাত্রাকে বিপুলভাবে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন অভিন্ন নদীর ন্যায্য হিৎসা আদায় করার জন্য আমরা সব সময় তৎপর আছি।
‘‘গঙ্গাচুক্তি সমাপ্তির পর নতুন চুক্তি সম্পাদনের জন্য আমরা টিম গঠন করেছি এবং সেটা আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের জবাবের অপেক্ষায় আছি।”
‘তিস্তা প্রকল্প’
খলিলুর রহমান বলেন, ‘‘তিস্তা প্রকল্পের ব্যাপারে আমরা চীনের সঙ্গে একটা কারিগরি মূল্যায়ন চালু করেছি। অচিরেই এ মূল্যায়ন শুরু করব। তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ মক্কা চুক্তিতে যোগদানের প্রস্তাব এলে সরকার ‘ইতিবাচকভাবে’ দেখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী