১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত অবমাননা হয়, এমন কথা বলবেন না: আইন উপদেষ্টাকে খোকন

“আইন উপদেষ্টার বক্তব্য আদালত অবমাননার শামিল; তিনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেছেন," বলেন গাজী কামরুল ইসলাম সজল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, "আইন উপদেষ্টা সম্মানিত মানুষ। তাকে বলব, এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। তাই আদালত অবমাননা হয়, বিচার বিভাগ নিয়ে এমন কথা বলবেন না।"

বিচার বিভাগ এবং বিচারপতিদের নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সাধারণ আইনজীবী সমাজের ব্যানারে এই সমাবেশ আয়োজন করা হয়। 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে খোকন বলেন, "আকাশ অথবা মাটির নিচে, যেখানেই থাকুক, খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।"

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা। 

সাক্ষাতের পর ব্রিফিংয়ে এসে তিনি বলেন, “একটা বিষয় আপনাদের বলে নিই। এখনো প্রচুর আলোচনা হচ্ছে। যেমন ধরেন, আপনার হাই কোর্টের কোনো কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। 

“এটা নিয়ে আমি আমার উদ্বেগের কথা মাননীয় প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম; আজও জানিয়েছি।”

‘আইনজীবী সমাজের’ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, “আইন উপদেষ্টার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এ বক্তব্যের মাধ্যমে তিনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেছেন।"

তিনি আইন উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও বিচার বিভাগ নিয়ে কথা বলার সময় আইন উপদেষ্টাকে সতর্ক থাকতে বলন।

সমাবেশে অন্যদের মধ্যে আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক  মাহফুজুর রহমান মিলন ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।