১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

একনেক সভা শেষে ‘অনির্ধারিত বৈঠকে’ উপদেষ্টা পরিষদ

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠকটি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে উপদেষ্টারা একটি 'অনির্ধারিত বৈঠকে' বসেছেন। 

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠকটি শুরু হয়েছে।

কী নিয়ে এ বৈঠক চলছে তা এখনও জানা যায়নি।

এর আগে এনইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় (একনেক) সভা শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়ার তথ্য মিলে।

উপদেষ্টা পরিষদের এ বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন; তাদের পতাকাবাহী গাড়িগুলো বাইরে রয়েছে।

দুপুর ২টা পাঁচ মিনিটে ‘জরুরি কাজ’ থাকায় বৈঠকের মাঝপথে বেরিয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সে সময় বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে জানালেও তিনি বিস্তারিত কিছু বলেননি।

প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।

সাধারণত একনেক সভা শেষে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা একে একে বের হয়ে যান। এরপর পরিকল্পনা উপদেষ্টা একনেক সভার অনুমোদিত প্রকল্প নিয়ে ব্রিফিং করেন।

শুক্রবার রাতেই একনেক পরবর্তী ব্রিফিং করা হবে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টার দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

তারই ধারাবাহিকতায় শনিবার একনেক ব্রিফিং শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, পরিকল্পনাসচিবসহ অন্য কর্মকর্তারা বেরিয়ে যান। তারপর থেকেই উপদেষ্টাদের ‘অনির্ধারিত’ বৈঠক চলছে।