১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জুলাইয়ে স্বজন হারানোদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

সাক্ষাতে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

জুলাইয়ে স্বজন হারানোদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা
ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই-অগাস্টের গণআন্দোলনে স্বজন হারানো কয়েকটি পরিবারের সদস্যরা।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রোববার এই সাক্ষাতে হত্যাকাণ্ডের বিচার, অধিদপ্তর গঠন, হতাহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতির পাশাপাশি আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাক্ষাতে তিনি শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

‘ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা’

‘জুলাই অভ্যুত্থানের’ স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং ‘বিশেষ সিলমোহর’ প্রকাশ করেছে ডাক বিভাগ।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকেট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ডাকটিকেটের থিম হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চিত্রায়িত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।