জেনিভা ক্যাম্পে বোমায় আহত শিশুর মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সাত দিন চিকিৎসার পর মারা গেল শিশুটিকে।
ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে হাতবোমা বিস্ফোরণে দগ্ধ শিশু রাসেল মিয়া মারা গেছে।
হাসপাতালে সাত দিন চিকিৎসার পর বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানিয়েছেন।
১২ বছরের শিশুটি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল। বিস্ফোরণে তার শরীরের ৩৫ শতাংশ পুড়েছিল।
ওসি জানান, শিশুটি মারা যাওয়ায় ওই ঘটনায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় পরিবর্তিত হবে।
জেনিভা ক্যাম্পের আল বশির জামে মসজিদের সামনে ২৪ মে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে হাতবোমা বিস্ফোরণ হলে রাসেল দগ্ধ ও আহত হয়। বার্ন ইনস্টিটিউটে ভর্তির পর শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসক।
সালাম নামে ক্যাম্পের এক বাসিন্দা জানান, মাদক নিয়ে জেনিভা ক্যাম্পে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হয়। এসব ঘটনায় করা মামলায় পুলিশ অনেককেই গ্রেপ্তার করেছে। ২৪ মে রাতেও সেরকমই এক ঘটনা ঘটে।
