১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি প্রধানের সাক্ষাৎ, সম্মেলন আয়োজনে চাইলেন সহযোগিতা

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ‘উজ্জ্বল’ করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি।

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি প্রধানের সাক্ষাৎ, সম্মেলন আয়োজনে চাইলেন সহযোগিতা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 03:04 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। 

তিনি বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করতে করণীয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা বলেছেন।”

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই বৈঠকের সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইফতেখারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, “সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

“বিশেষ করে দুদকের মত প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি–এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।”

তিনি বলেন, “বর্তমান সরকার বিশ্বজুড়ে এই বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং অঙ্গীকারাবদ্ধ। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি।

“আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশে করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ–মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে।

“আমরা মনে করি, ২০২৮ সাল এ সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে।”

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান টিআইবি প্রধান।