১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৪

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৪
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বাংলাদেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে হাসপাতালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। অগাস্টের প্রথম ১১ দিনে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১১ অগাস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩৭ জন রোগী। 

এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

এছাড়া বরিশাল বিভাগে ৬২ জন, ঢাকা বিভাগে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৫২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৯৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৫৮ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।