Published : 12 Jul 2026, 01:02 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের পাশের এলাকা থেকে রোববার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কাছাকাছি সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আরেক মরদেহ।
পুলিশ বলছে, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা তিনজনই ‘ভবঘুরে’। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ বাজার এলাকায় অমর একুশে হলের পাশে ফুটপাত ও তার বিপরীত পাশ থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা শাহবাগ থানার এসআই মো. মামুন বলেন, “সকালে শাহবাগ আনন্দ বাজার এবং অমর একুশে হলের পাশের ফুটপাত ও রাস্তার অপর দিকে দুজন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।
“আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।"
তারা ভাবঘুরে ও ফুটপাতে ঘুমাতেন বলে পুলিমের ভাষ্য।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এদিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে অচেনা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ।
ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, “সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ওসেকের পেছনে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শাহবাগ থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।