ওয়াকআউট করিনি, সংসদ থেকে চলে গিয়েছিলাম: নাজিবুর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য চলার সময় বিরোধী দলের কয়েকজন সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।
সংসদীয় কমিটির পদ নিয়ে বিতর্কের একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ‘ওয়াকআউট’ করেননি, বরং দিনের কার্যক্রম শেষ হয়ে আসায় চলে গিয়েছিলেন বলে দাবি করেছেন মোহাম্মদ নাজিবুর রহমান।
বুধবার রাতে সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
জামায়াতে ইসলামীর সংসদীয় দলের এ মুখপাত্র বলেন, “আমরা ওয়াকআউট করিনি। আমরা সংসদ থেকে চলে গিয়েছিলাম।”
এর আগে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলকে তাদের আসনের অনুপাতে ২৬ শতাংশ না দেওয়ার প্রতিবাদ করেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ক্ষমতাসীন দলের আচরণে বিরোধী দলের নিয়মিত সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তাহের বলেন, ভবিষ্যতেও একইভাবে কমিটি গঠন করা হলে সংসদে থাকা না থাকার বিষয়ে বিরোধী দল সিদ্ধান্ত নেবে।
তার বক্তব্যের পর জবাব দিতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বক্তব্য চলার সময় বিরোধী দলের কয়েকজন সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।
সেটি লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, তারা ওয়াকআউট করছেন না।
“সবাই টায়ার্ড হয়ে গেছেন, নয়ত বাড়ি চলে যান। পত্রিকায় দেখে নিলেই হবে।”
এরপর সংসদীয় কমিটির সভাপতির পদ নিয়ে তাহেরের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অধিবেশনের শেষ পর্যায়ে সংসদীয় কমিটিগুলো কার্যকর না থাকার অভিযোগ তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, তিনি তিনটি সংসদীয় কমিটির সদস্য। এর মধ্যে হাউস কমিটির শুরুতে দুটি বৈঠক হলেও গত চার-পাঁচ মাসে আর কোনো বৈঠক হয়নি।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবেও একই অভিজ্ঞতা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিগুলো কার্যকর করার ক্ষেত্রে যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে।
সংসদীয় কমিটিগুলোকে কার্যকর করা এবং তাদের কার্যক্রম নিয়মিত প্রতিবেদন আকারে প্রকাশের ব্যবস্থা নিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “আমরা বিষয়টা দেখব।”
