Published : 30 Mar 2026, 12:46 PM
দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের তরফে সহকারী পরিচালক মাহমুদুল হাসান আবেদন দুটি করেন।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ যাবতীয় নথি জব্দ করা দরকার।
শেখ হাসিনা সরকারের সময় ২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেন। এরপর ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।
গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
গত বছরের ৫ মে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরদিন আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
এরপর ২৪ মে হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।