Published : 24 Jun 2026, 09:34 PM
শ্রম আইনের মামলায় গ্রেপ্তার আফতাব অটোমোবাইলসের পরিচালক ও নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার আসামিকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম বুধবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
সাজেদুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন–আফতাব অটোমোবাইলসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার শাহাদাৎ হোসেন মিয়া, এইচ আর অ্যান্ড অ্যাডমিন (হেড) ফারজানা ইয়াসমিন ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মনিরুল আলম।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বুধবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।
মামলার অপর তিন আসামিও এদিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের সবার জামিন মঞ্জুর করেন।
পাওনা ২৩ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে আফতাব অটোমোবাইলসের সাবেক সিনিয়র সহকারী জেনারেল ম্যানেজার কফিল উদ্দিন ২০২০ সালে ১০ জনের নামে এ মামলা দায়ের করেন।
কফিল উদ্দিন ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আফতাব অটোমোবাইলসে কর্মরত ছিলেন বলে আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াসিউর রহমান শিবলী জানান।
ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ৩ মে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার প্রথম শ্রম আদালত।
ওয়াসিউর রহমান শিবলী বলেন, “সাজেদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রোডিউস করে। অপর তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আমরা তাদের জামিন চেয়ে শুনানি করি। পরে আদালত তাদের জামিনের আদেশ দিয়েছেন।"
পুরনো খবর