১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরো দেশ যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করতে হবে: অর্থমন্ত্রী

প্রতিষ্ঠানগুলোর সেবা যেন সবার দুয়ারে পৌঁছায় এবং সবাই যেন এ তথ্য পায়, তা নিশ্চিত করার তাগিদ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 05:33 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

তথ্য প্রযুক্তির বর্তমান বাস্তবতায় সামনের দিকে এগিয়ে যেতে পুরো দেশকে ডিজিটালাইজড করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ কারণে সরকার বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৫’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে আমির খসরু বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা সহায়তায় কী ধরনের উদ্ভাবন হয়েছে তা ঘুরে দেখেন। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজ তুলে ধরে।

পরে অর্থমন্ত্রী বলেন, “এখন যদি দেশের এগিয়ে যেতে হয়, টেকনোলজি, ডিজিটালাইজেশনের বাইরে গিয়ে এগোনোর কোনো সুযোগ নাই। সার্ভিস ডেলিভারি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, কস্ট কাটিং বলেন, দৈনন্দিন জীবনের মানুষের জীবনের সময়ের সদ্ব্যবহার বলেন, সবকিছু এর মধ্যে অন্তনির্হিত।

“যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করতে হবে।”

সেজন্য প্রতিষ্ঠানগুলোর সেবা যেন সবার দুয়ারে পৌঁছায়, সবাই যেন এই তথ্য পায়, তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। বাংলাদেশের সব নাগরিকের কাছে এসব পৌঁছাতে হবে। আপনারা বাজেটে খেয়াল করেছেন, আমাদের বরাদ্দে কিন্তু সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ বাদ নাই।

“এই অন্তর্ভুক্তি খালি অর্থনীতিতে আনলে হবে না। মানুষের দুয়ারে সেবা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু এগোনোর কোনো সুযোগ নাই।”

প্রযুক্তি খাতে বৈশ্বিক অভিজ্ঞতার আদান-প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি খাতে ‘বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ’ এস্তোনিয়ার প্রযুক্তিগত উৎকর্ষ ও মডেল যাচাইয়ের জন্য বর্তমানে সরকারের একটি উচ্চপর্যায়ের টিম সেখানে অবস্থান করছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।