২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইউনূস-মোদী বৈঠক শুক্রবার: প্রেস সচিব

বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

ইউনূস-মোদী বৈঠক শুক্রবার: প্রেস সচিব
থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ছবি-প্রধান উপদেষ্টার দপ্তর

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 09:43 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুক্রবার হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হতে চলেছে।

এ তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বুধবার থেকে শুরু চার দিনের এ সম্মেলনে শুক্রবার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অংশ নিতে মুহাম্মদ ইউনূস ও মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে চলে যান। তিন দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

ইউনূসের দায়িত্ব নেওয়ার পর এর আগেও দুই নেতার দুই দফায় দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়ে ওঠেনি। বিমসটেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কি না, তা নিয়েও আলোচনা চলছিল।

ইউনূস-মোদি দুইজনই ব্যাংককে; বৈঠক হতে পারে শুক্রবার

ব্যাংককে ইউনূস-মোদী বৈঠকের 'যথেষ্ট সম্ভাবনা' দেখছে ঢাকা