১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ দুই বন্দির মৃত্যু

তাদের মধ্যে একজনের বয়স ৭০, অন্যজনের ৫৮ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:34 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ দুই বন্দির মৃত্যুর খবর জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান।

আরেকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রোববার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, আব্দুল বারেক নামে ৭০ বছর বয়সী এক কয়েদী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

“শুক্রবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকে নিয়ে আসেন। এরপর তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।”

কারারক্ষী উজ্জ্বল হোসেন বলেন, আব্দুল বারেকের কয়েদি নম্বর ৩০০/২৬। তার বাবার নাম মৃত আব্দুল খালেক। গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।

তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তথ্য দিতে পারেননি তিনি।

পরিদর্শক হাবিব বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে তার ময়নাতদন্ত হবে।”

এদিকে রোববার বেলা সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় আব্দুল মাবুদ নামে ৫৮ বছর বয়সী এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়েছিলেন বলে কারা কর্তৃপক্ষের ভাষ্য।

কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৩১/২৬। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে।

পুলিশ পরিদর্শক হাবি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আব্দুল মাবুদের সুরতহাল শেষে ময়নাতদন্ত হবে।

এর আগে গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে তিন কারাবন্দির মৃত্যু হয়েছিল।

সেদিন মারা যাওয়া তিনজন হলেন— মো. শাহাদত হোসেন লিটন (৪৮), আবুল বাশার (৫৪) ও আব্দুল কাইয়ুম (৬২) ।