১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের আশ্রয় হবে না: পূর্তমন্ত্রী

“বেআইনি বিষয়ে আইন তুলে ধরে প্রয়োজনে ‘না’ বলতে শিখতে হবে এবং নির্ভয়ে, সততার সঙ্গে কাজ করতে হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের ‘কোনো আশ্রয় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, “জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।”

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা মন্ত্রণালয় সামাল দেবে। বেআইনি বিষয়ে আইন তুলে ধরে প্রয়োজনে ‘না’ বলতে শিখতে হবে এবং নির্ভয়ে, সততার সঙ্গে কাজ করতে হবে।”

ঢাকায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষের আবাসনের প্রসঙ্গ তুলে পূর্তমন্ত্রী বলেন, গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে এ জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মো. নজরুল ইসলাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।”

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া ও নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দপ্তরপ্রধানরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।