১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের ছেলে খুন: ঘটনার অগ্রগতি ‘পর্যবেক্ষণ করবে’ সুপ্রিম কোর্ট

রাজশাহীতে বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাসায় ঢুকে এক ব্যক্তি তার ছেলেকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

বিচারকের ছেলে খুন: ঘটনার অগ্রগতি ‘পর্যবেক্ষণ করবে’ সুপ্রিম কোর্ট
বিচারকের ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজশাহীর মহানগর দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় বিচারের অগ্রগতি সুপ্রিম কোর্ট ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে’ বলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এক শোক বার্তায় বলেছেন। 

বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এ কথা জানানো হয়। 

এদিন দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঢুকে এক ব্যক্তি তার ছেলেকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় ছেলেটির মা (বিচারকের স্ত্রী) ও হামলাকারী যুবক আহত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। 

বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ ‘নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক’ বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, “প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সাথে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে, যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হয়।” 

ন্যায়বিচার যেন দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়, সেজন্য সুপ্রিম কোর্ট আগামী দিনগুলোতেও এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।  

প্রধান বিচারপতি তদন্তের সততা ও স্বচ্ছতা প্রতিটি ধাপে অক্ষুণ্ণ রাখা এবং আইন প্রয়োগকারী সংস্থা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা রাখেন। 

আরও পড়ুন:

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে খুন