১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাইব্যুনাল: রাজসাক্ষী মামুনের জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

জবানবন্দি শেষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দি নিজে পাঠ করেন এবং ‘সম্পূর্ন শুদ্ধ ও সঠিক স্বীকার’ করে স্বাক্ষর দেন, বলেন ওই সাক্ষী।

ট্রাইব্যুনাল: রাজসাক্ষী মামুনের জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার তার সাক্ষ্য গ্রহণ করে।

সাক্ষী মো. জাকির হোসাইন বর্তমানে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হিসেবে কর্মরত আছেন। তিনি এ মামলার ৪০ নম্বর সাক্ষী। 

জাকির হোসাইন তার সাক্ষ্যে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ‘ফরোয়ার্ডিংয়ের’ আলোকে এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম।

“ওই নির্দেশনার আলোকে আমি চলতি বছরের ২৪ মার্চ এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের উপস্থাপন মতে বেলা ১২টা ১৫ মিনিটে ওই আসামিকে আমার খাস কামরায় তার আইনজীবী যায়েদ বিন আমজাদসহ গ্রহণ করি। উক্ত আসামিকে আমার খাস কামরায় জবানবন্দি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করার ও বিশ্রাম নেওয়ার জন্য আমার উপস্থিতিতে আড়াই ঘণ্টা সময় দিই।

“এ সময় পর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বক্তব্য বিস্তারিত আলাপ আলোচনাক্রমে কম্পিউটারে টাইপ করে লিপিবদ্ধ করি।” 

জবানবন্দি শেষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দি নিজে পাঠ করেন এবং ‘সম্পূর্ন শুদ্ধ ও সঠিক স্বীকার’ করে স্বাক্ষর দেন, বলেন ওই সাক্ষী।