হাসপাতালে আরও চার শিক্ষার্থী ও একজন শিক্ষকের মৃত্যু
মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়, তখন সেখানে বাচ্চাদের ক্লাস চলছিল।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ এবং আহত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে চারজন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের হাসপাতালে আনার পর সোমবার সন্ধ্যা থেকে চারজনের মৃত্যু হয়।
বাকি একজনকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন।
এই পাঁচজন হলেন– শিক্ষার্থী তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), জুনায়েদ (১০), এবি শামীম (১৪) এবং স্কুলের শিক্ষক মাহরীন (৪৬)।
এই পাঁচজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিন দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।
উদ্ধার অভিযান শেষে বিকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়। আইএসপিআর পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটসহ ২০ জনের মৃত্যুর তথ্য দেয়।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান রাতে ১৭ জনের মৃত্যুর তথ্য দেন। সংখ্যায় কিছুটা তারতম্যের কারণ হিসেবে তিনি ‘সমন্বয়’ করতে কিছুটা সময় লাগার কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ জনের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছে।
তিনি বলেন, আট জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের মধ্যে সাত জনই শিক্ষার্থী।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান বলেন, এই আটজনের মধ্যে ৫ জন মেয়ে শিক্ষার্থী, ২ জন ছেলে শিক্ষার্থী এবং একজন অভিভাবক।
বিমানের পাইলটে মরদেহসহ ৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়নি জানিয়ে তিনি বলেন, “পাইলট ছাড়া অন্যদের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। এরা শিক্ষার্থী না অন্য কেউ ডিএনএন ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন।”
মঙ্গলবার ওই আটজনের শরীর থেকে নমুনা নিয়ে সিআইডির মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান বলেন, “সাতটি লাশ, সাতজনকে এখনও শনাক্ত করা যায়নি। এটা একেবারে দেহাবশেষ। তাদের ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে।
“এরমধ্যে ছয়জন সিএমএইচে আর একজন উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। দেহাবশেষ থেকে জানা যাবে তাদের পরিচয়। ধারণা করছি, তারা হয়তো সবাই শিশু।”
তিনি বলেন, “আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী ও দুইজন শিক্ষক আর একজন ওই স্কুলের কর্মী। এছাড়া বাকি সবাই শিশু।
“আহত শিশুর সংখ্যা ১০০ এর বেশি, অন্যদের সংখ্যা ১৫ এর মত।”
১০০ জনের মধ্যে অল্পকিছু আছে যারা চিকিৎসা শেষ করে বাড়ি গেছেন, সে সংখ্যাটা খুবই কম আর অধিকাংশই হাসপাতালে আছেন বলে জানান বিশেষ সহকারী।
