Published : 12 Sep 2026, 06:57 PM
পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’র তিনদিনের রজতজয়ন্তী উৎসব।
শুক্রবার একাডেমি চত্বরে শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু-কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে এতে অংশ নেয় নৃত্যাঞ্চলের চার শতাধিক শিক্ষার্থী।
এর আগে আনুষ্ঠানিকভাবে নূপুর বেঁধে উৎসবের দ্বিতীয় দিনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, নৃত্যশিল্পী আমানুল হক, লুবনা মারিয়ম এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।
রোববার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সেদিন তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদী নৃত্যের সমন্বয়ে পরিবেশিত হবে ‘নৃত্যমালিকা’। পাশাপাশি থাকবে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ পরিবেশনা।
রজতজয়ন্তী উপলক্ষে শনি ও রোববার জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার ওপর থাকছে বিশেষ প্রদর্শনী।